তোকে দিলাম ভুবনডাঙার মাঠ
তোকে দিলাম শ্যামলা দীঘির জল
মেঘ ছেঁড়া এই চাঁদের আলোর রাতে
একলা হাঁটার তুই শুধু সম্বল।
তোকে দিলাম বাতিল সেতারখানা
তোকে দিলাম বিন্নিধানের খই
চুপটি করে মুখের দিকে চেয়ে
স্তব্ধ আমি, একবুক থইথই।
তোকে দিলাম মোরগফুলের ঝুঁটি
তোকে দিলাম হলুদ সর্ষেক্ষেত
বুকের মাঝে ব্যর্থ জলের স্তর
চোখের পাতায় কাঁপছে কালো মেঘ।
তোকে দিলাম পাইন গাছের ঢেউ
তোকে দিলাম কুয়াশাভেজা চিঠি
আকাশ তারার ঘুমপাড়ানি শেষে
সূর্যোদয়ের রঙিন আঁকিবুঁকি।
তোকেই দিলাম বাকি জীবনখানা
তোকেই দিলাম হাতের মধ্যে হাত
মাঝরাতের এই নীল আকাশ জুড়ে
তুই আমি শুক-সারি সংবাদ।।