বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

একলা হও


পৃথিবীর সব ছোট বড় রূপকথা
সময়ের সাথে সাথে বদলে যায়
যেমন বদলে যায়
তেজী আরবী ঘোড়ার গতিশীলতা,
হাওয়ার প্রতিটি বাঁকে।


প্রতিদিন মগজের ফাঁক গলে,
নিঃশব্দে ঢুকে পড়ে
স্বপ্নের এক অখন্ড সংস্করণ।
যেখানে ঝরনার জলে ভিজে যায়
মেঘ ও কুয়াশা।
যেখানে, আকাশকুসুম শুধুমাত্র এক শব্দবন্ধ।

পাতা উলটে যাও, খুঁজে পাবে
তোমার প্রিয় গান, কবিতা আর ছবি।
আর কি চাও,
আর কি চাও একটা জীবনে?
একমাত্র জীবনে।

অনামী আকাঙ্খা ডেকে যায় রোজ।
রোজ, রাতের ঘুমঘোরে
শিশিরভেজা ভোরে টুপটাপ ঝরে পড়ে
দুএকটি। তাই নিয়ে ব্যস্ত সারাদিন কেটে যায়
রুটিনে ও মোহে।

সবাই যেমন পাহাড়ে ওঠে, উঠতে চায়
তুমিও একদিন চূড়োয় ওঠো। তারপর
খুব জোরে, প্রায় চিৎকার করে বলে ওঠো
থাক, কিছুই বলতে হবেনা।
অনেক কথা তো বলা হলো।

পৃথিবী এবার চুপ করে থাক


পৃথিবী এবার একলা হোক।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন