বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

আগুনটা জ্বালিয়ে রাখ


রাত ভর সরদ্‌ হাওয়া চলতি রহি
রাত ভর হামনে আলাও তাপা
ম্যায়নে মাজী সে কয়ি খুস্‌ক সি শাখে কাটি
তুমনে ভি গুজ্‌রে হুয়ে লমহো কে পাত্তে তোড়ে...” - গুলজার



বরফজমা নদীর ধার থেকে কনকনে ঠাণ্ডা বইছে আজ। রাতের শরীরে চোখ মেলে আগুন রয়েছে জ্বলে। এস। তাপ নিই। আগুনে কিছু অতীত গুঁজে দিলাম। তুমিও ফেলে আসা সময়ের সব পাতা ঝরাও। আগুনে দাও সব। সবকিছু। 

চারিদিকে আজ শুধু তুষার ঝরার নিঃশব্দ।


আমার ওভারকোটের পকেটে সেই পুরনো ডায়েরিটা। লালচে হয়ে যাওয়া পাতাগুলোয় সেই লেখাগুলো। আগুনে দিলাম আজ। তুমিও অতীত থেকে সেই সব মুহূর্ত বার কর। সেই সব সুখি সুখি মুহূর্ত। আগুনে দাও সব। সবকিছু। 

আজ খুব শীত। আজ তুষার ঝরার রাত। আগুনটা জ্বালিয়ে রাখ। আরও যদি কিছু থাকে, খুঁজে দেখ। কিছু। যা অতীত। যা মৃত। আগুনে দাও সব। সবকিছু। 

আজ খুব শীত। আগুনটা জ্বালিয়ে রাখ।

সারারাত নিভু নিভু সম্পর্কের গ্রন্থিগুলোয় তাপ দিলাম......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন