বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

জীবন

- ১ -

কখনও বা,
হেমন্তের শেষে
সেইসব হতাশ পেঁচারা,
গাছের কোটরে ছিল যার বাসা
কাছে আসে।


কখনও বা,
স্থবির বিল কিংবা অফুরান সমুদ্র
ঘননীল হয়ে বলে যায়
ভালবাসা ছিল চুপিচুপি,
বুঝতে পারনি।
তারপর,
ফুরিয়ে আসা সময়জুড়ে
মেঘেদের ঘনঘোর।

হয়ত এভাবে নয়,
উত্তরের হাওয়া জীবনকে দেখেছিল
মাঘমাসে,


মগ্ন বিষাদে




- ২ -

বৃক্ষরা কবে থেকে ঋজু হয়ে আছে।
সজ্জন বলে,
চিৎকৃত কথা সাজেনা তাদের।

শেষ বিকেলের ধোঁয়া ওঠা 
মলিন আকাশের বিস্তারে
পাখিরা ডানা মেলে দিয়ে
এইভাবে,
উড়েছে দেদার
কতকাল ধরে, কতযুগ ধরে?

স্বপ্নঘুম জুড়ে,
অজানা ল্যাম্পপোস্টে ঝুলে আছে
মৃত মাছের চোখ।




- ৩ -

পৃথিবীর সব ক্ষত
শব ব্যবচ্ছেদ, সব ব্যবধান
যেন কোনদিন ঘটেনি।
যেন কোনদিনও মলিন ছিলনা
নদীর আকুল স্রোত।

মানুষের লালসা
যেন কোনদিন আঁচড় কাটেনি
মাটির বুকে।
ধানক্ষেতে পড়ে থাকা
কিশোরী জীবনের রূপকথা
খুবলে খায়নি 
যেন কোন মাংসাশী প্রাণী।

বিবর্ণ মেঘের ভেতর থেকে
সবকিছু, শুধু চাঁদ দেখেছিল।

চাঁদ, তবু চাঁদ নয়
গোলাকার মমি।
জীর্ণ কফনে ঢেকে
কবে থেকে শুয়ে আছে আকাশের বুকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন